মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচি থেকে বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। শনিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচির সমর্থনে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, পুলিশের পক্ষ থেকে তাকে আটক করা হয়েছে। আটকের পর পুলিশের গাড়িতে থাকা অবস্থায় একটি সেলফি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন এই অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’
মুম্বাই পুলিশের দাবি, সিজেপির এই বিক্ষোভ আয়োজনের জন্য কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি। বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, মুম্বাইয়ে শুধুমাত্র আজাদ ময়দানেই বিক্ষোভ কর্মসূচি পালন করা সম্ভব। তাই এই এলাকায় বিক্ষোভের অনুমতি দেওয়া সম্ভব ছিল না বলে জানিয়েছে পুলিশ। তবে সিজেপি কর্মীদের দাবি, তারা অনুমতি চেয়ে মুম্বাই পুলিশের কাছে ইমেল করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাননি।
এর আগেও জুলাই মাসে আয়োজিত একটি প্রতিবাদ মিছিলে অংশ নিতে দেখা গিয়েছিল ইমরান খানকে। সে সময় শিল্প ও রাজনীতির সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, প্রকৃত শিল্পের মধ্যে শিল্পীর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অবস্থান থাকে। তিনি আরও বলেন, নিজের মতামতের পক্ষে যদি কেউ দৃঢ়ভাবে দাঁড়াতে না পারে এবং শিল্পের মধ্যে নিজের হৃদয় নিংড়ে না দেয়, তবে সেই শিল্পের কোনো মূল্য নেই।

















