মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকর তাঁদের ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে তাঁরা জানান, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন এই দম্পতি।
বিবৃতিতে আদীনাথ ও ঊর্মিলা উল্লেখ করেন, অনেক ভাবনাচিন্তার পর তাঁরা বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন। তবে দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও তাঁদের মেয়ে জিজাহর (জিজা) প্রতি দায়বদ্ধতা অটুট থাকবে। তাঁরা যৌথভাবে মেয়ের লালন-পালন করবেন যাতে সে সর্বদা ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের পরিবেশে বড় হতে পারে। জিজাহ তাঁদের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবেই থাকবে বলে জানান তাঁরা।
একই সঙ্গে তাঁরা জানান, একসঙ্গে কাটানো বছরগুলোর জন্য তাঁরা একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাশীল। এতদিন ধরে সংবাদমাধ্যম ও দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন। বিবৃতির শেষে তাঁরা স্পষ্ট করেন, এই বিষয়টি নিয়ে এটিই তাঁদের একমাত্র বক্তব্য এবং এর বাইরে আর কোনো মন্তব্য করবেন না।
গত কয়েক মাস ধরেই আদীনাথ ও ঊর্মিলার দাম্পত্যে টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২৫ সালের শেষ দিকে বিভিন্ন প্রতিবেদনে তাঁদের আলাদা থাকার দাবি করা হলেও, তখন এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই তারকা দম্পতি। এর আগে এক সাক্ষাৎকারে ঊর্মিলা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনাকে গুরুত্ব না দেওয়ার কথা জানিয়েছিলেন এবং অনলাইনে শোনা সব খবরে বিশ্বাস না করার ইঙ্গিত দিয়েছিলেন।
উল্লেখ্য যে, ২০০৬ সালে আদীনাথের বাবা মহেশ কোথারে পরিচালিত ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির সেটে তাঁদের প্রথম পরিচয় হয়। এটিই ছিল ঊর্মিলার অভিনয়ে অভিষেক। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৮ সালে তাঁদের কন্যাসন্তান জিজাহর জন্ম হয়। ঊর্মিলা ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভ্হায়চি!’ ও ‘তি সধ্যা কায় কারতে’-এর মতো সফল মারাঠি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি হিন্দি ও তেলেগু ছবিতেও কাজ করেছেন। অন্যদিকে, আদীনাথ মারাঠি চলচ্চিত্রে অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। বর্তমানে তিনি পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে ভরত চরিত্রে এবং হানসাল মেহতার ‘গান্ধী টকস’ ছবিতে অভিনয় করছেন।

















