নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান দীর্ঘ বিরতি ভেঙে আবারও বড় পর্দায় ফিরছেন। তবে এবার চিরচেনা নায়কের ভূমিকায় নয়, বরং খলনায়ক চরিত্রে দেখা যাবে তাকে। ‘গুলশানের চামেলি’ শিরোনামের নতুন একটি সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে ফিরছেন এই অভিনেতা।
দীর্ঘদিন বড় পর্দায় অনিয়মিত থাকার কারণ প্রসঙ্গে আমিন খান বলেন, অনেকদিন পর সিনেমায় কাজ করছি এবং সুযোগ হয়েছে বলেই ফিরছি। মাঝে অনেকটা সময়ের ব্যবধান ছিল, কারণ হয়তো ব্যাটে-বলে মিলছিল না। নির্মাতা ইকবাল যখন এই সিনেমার প্রস্তাব দেন, তখন মনে হলো কাজটি করা যায়। এছাড়া এই সিনেমায় অনেক গুণী শিল্পী কাজ করছেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আমিন খানের অভিষেক হয়। এরপর অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন।
নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে আমিন খান ছাড়াও অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, রোজিনা, মিশা সওদাগর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। নির্মাতা ইকবাল জানিয়েছেন, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের যেকোনো একটি ঈদে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

















