ইতালির সিসিলি দ্বীপের কাছে সমুদ্রের তলদেশে প্রায় ২ হাজার বছরের পুরোনো একটি রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় গত ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। সিসিলির পশ্চিম উপকূলে মাজারা দেল ভায়ালো শহর থেকে প্রায় তিন মাইল দূরে ৪৬ মিটার গভীর সমুদ্রে জাহাজটি শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের দৈর্ঘ্য প্রায় ২১ মিটার এবং প্রস্থ ৬ মিটার।
এই রোমান জাহাজটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে প্রথম শতকের মাঝামাঝি কোনো এক সময়ে ডুবে গিয়েছিল বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। জাহাজটিতে বিপুলসংখ্যক ‘ড্রেসেল ১এ’ ধরনের অ্যাম্ফোরা বা মদ সংরক্ষণের বিশেষ মাটির পাত্র পাওয়া গেছে। দুই হাতলযুক্ত প্রতিটি পাত্রে প্রায় ২০ লিটার পর্যন্ত তরল ধারণের সক্ষমতা ছিল। সমুদ্রের তলদেশে ধারণ করা ছবি ও ভিডিওতে পাত্রগুলোকে স্তূপীকৃত অবস্থায় দেখা গেছে।
জিয়াকোমো দে মোলা ও ইগর বিসুল্লি নামের দুই ইতালীয় ডুবুরি এই ধ্বংসাবশেষটি খুঁজে পান। শুরুতে স্ক্যানিং যন্ত্রে জায়গাটিকে সাধারণ পাথুরে এলাকা মনে হলেও জিয়াকোমো দে মোলা সেখানে ডুব দেওয়ার সিদ্ধান্ত নেন এবং প্রাচীন জাহাজের অস্তিত্ব নিশ্চিত করেন। বিষয়টি পরে কর্তৃপক্ষকে জানানো হয়।
সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক ও লেখক ডেভিড গিবিনস এই আবিষ্কারকে অত্যন্ত অসাধারণ হিসেবে অভিহিত করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে, জাহাজটি পুরোপুরি তুলে আনার পরিবর্তে অধিকাংশ অংশ সমুদ্রের তলদেশেই সংরক্ষিত রাখা উচিত। কেবল সীমিত খননকার্য চালিয়ে জাহাজের কাঠামো ও পণ্যের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ করা যেতে পারে। গিবিনসের মতে, পাত্রের ভেতর থাকা মদের অবশিষ্টাংশ এবং প্রাচীন চিহ্নগুলো জাহাজটির ইতিহাস ও বাণিজ্যিক প্রেক্ষাপট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে। প্রত্নতাত্ত্বিকদের প্রত্যাশা, এই জাহাজটি রোমান প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে রূপান্তরের সময়কার বাণিজ্য, অর্থনীতি ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের যোগাযোগের অজানা ইতিহাস উন্মোচনে সহায়তা করবে।

















