মালয়েশিয়ার জোহর বাহরু হাইকোর্ট ব্রিটিশ মানবাধিকারকর্মী অ্যান্ডি হলকে দুটি পৃথক মানহানি মামলায় মোট ৫ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছেন। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন বিচারিক কমিশনার নোরাদুরা হামজা। রায়ে উল্লেখ করা হয়, বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান ‘এমবুন কারিসমা রিসোর্সেস’-এর পরিচালক আর. মুথুসামির দায়ের করা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে।
চার বছর আগে দায়ের করা এই দুটি মামলার শুনানিতে বিবাদী অ্যান্ডি হল সশরীরে উপস্থিত ছিলেন না। বিচারক তার রায়ের পর্যবেক্ষণে জানান, আর. মুথুসামির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের মতো গুরুতর অভিযোগ এনে তার সুনাম ক্ষুণ্ন করা হয়েছে, যা জরিমানার অংক নির্ধারণে বিবেচনা করা হয়েছে। জরিমানার পাশাপাশি অ্যান্ডি হলকে মামলার আইনি খরচ বাবদ আরও ১ লাখ রিঙ্গিত পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত একই সঙ্গে অ্যান্ডি হলকে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বক্তব্য প্রকাশ থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি, তাকে দেশের জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আর. মুথুসামির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। মামলার নথিতে বাদী আর. মুথুসামি দাবি করেন যে, অ্যান্ডি হলের অপপ্রচারমূলক ও চাঞ্চল্যকর বক্তব্যের কারণে ব্যবসায়ী হিসেবে তার সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুথুসামি আরও অভিযোগ করেন যে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১৭ ফেব্রুয়ারি ‘ফোকাস মালয়েশিয়া’-তে প্রকাশিত প্রতিবেদনে অ্যান্ডি হল আবারও তার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন।

















