ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পরবর্তীতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
হুমায়ুন কবির আরও বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন। এর আগে গত ফেব্রুয়ারিতে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর ভারত থেকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর থেকে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই বললেই চলে।

















