জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে দৃঢ়ভাবে বিশ্বাসী। শুক্রবার বিকেলে নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে হালসায় সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
হুইপ দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি মনে করে ৬৮ হাজার গ্রামের উন্নয়ন মানেই সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়ন। তাই দেশের প্রতিটি অবহেলিত জনপদে বিএনপি সরকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবে। তিনি জানান, প্রয়োজন অনুসারে বন্যার্তদের জন্য আশ্রয়ণ প্রকল্প, সাইক্লোন সেন্টার, রাস্তাঘাটসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার ভবন নির্মাণের মাধ্যমে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। বিএনপি সরকার হিংসা-বিদ্বেষ নয়, বরং সবার সাথে মিলেমিশে দেশের উন্নয়ন করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের কথা স্মরণ করে হুইপ দুলু বলেন, দুই বছর আগে জুলাই মাসে এদেশের ছাত্র-জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসররা দেশকে অশান্ত করার অপচেষ্টা চালিয়ে যাবে। তাই তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সচেতন থাকতে হবে। আন্দোলনের সময় শিশু থেকে শুরু করে ছাত্র-জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ সেই অত্যাচার, গুম ও খুনের কথা ভুলে যায়নি এবং এসব হত্যার যথাযথ বিচার করা হবে।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও হালসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল প্রমুখ।

















