ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফেরার আগ্রহ পোষণ করলেও নিজের নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে হত্যার পরিকল্পনা থাকতে পারে। শুধু নিজের নিরাপত্তা নয়, যারা দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন, তাঁদের জীবনও ঝুঁকির মুখে পড়বে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ কারণে কাউকে বিপদের মুখে ঠেলে দিতে চান না বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম ও নেতৃত্বের বিষয়টিও স্পষ্ট করেছেন। তিনি জানান, তাঁর অনুপস্থিতিতে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা বলেন, শেখ সেলিম বর্তমানে দলের সবচেয়ে জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য, তাই সভাপতির দায়িত্ব পালনের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। এছাড়া নিজের ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন বলেও তিনি উল্লেখ করেন।
দীর্ঘ এই আলাপচারিতায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সমর্থন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আঞ্চলিক বোঝাপড়া আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সামরিক জোটের পরিবর্তে পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন।

















