প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৪
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের দক্ষিণ পাশে দালাল বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ এই মহাসড়কের নিচ দিয়ে পাইপ নেওয়ায় সড়কটির কিছু অংশ ইতিমধ্যে দেবে গেছে। স্থানীয়দের মতে, দ্রুত এই সুড়ঙ্গ ভরাট করা না হলে সড়কটি ধসে পড়ার বড় ধরনের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, পাশের একটি জমি ভরাটের উদ্দেশ্যে মহাসড়কের নিচ দিয়ে আড়াআড়িভাবে পাইপ বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের নজর এড়াতে অত্যন্ত কৌশলে এই পাইপ স্থাপন করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। তারা জানিয়েছেন, সুড়ঙ্গ তৈরির কারণে সড়কের উপরিভাগ দেবে গেছে, যা ভবিষ্যতে যান চলাচল ব্যাহত করার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এ বিষয়ে জমির মালিক মামুন জানান, জমি ভরাটের কাজটি করছেন স্থানীয় সাফিজুল মাতাব্বর ও তার ছেলে আসাদুল মাতাব্বর। তবে সাফিজুল মাতাব্বর মহাসড়ক ফুটো করে পাইপ স্থাপনের বিষয়টি অস্বীকার করে বলেছেন, তার কোনো ড্রেজার নেই।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

















