বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি রাস্তার পাশে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

















