ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের চরফারুকী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে দক্ষিণ আইচা থানার অন্তর্গত এই সড়কে ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা জানান, ইউনিয়ন পরিষদের সামনে থেকে দক্ষিণ দিকে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় ১০ বছর আগে সড়কটি সর্বশেষ সংস্কার করা হয়েছিল, কিন্তু এরপর থেকে আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগ বাড়লেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে মো. রিয়াজ, নুরুল ইসলাম, মো. খায়ের ও মাওলানা আজাদসহ অনেকে বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘদিনের অবহেলায় সড়কটির বর্তমান দশা তৈরি হয়েছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারকাজ শুরুর জোর দাবি জানান।
এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম জানান, বর্তমানে সড়কটি সংস্কারের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তবে বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে এবং ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

















