চীনের কারিগরি শিক্ষার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি সময়োপযোগী কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হবে। পাশাপাশি চীনা ভাষা ও কারিগরি শিক্ষার প্রসারে চীন থেকে প্রশিক্ষক আনার উদ্যোগও গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় চীনের গুয়াংডং ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ভোকেশনাল কলেজের ভাইস চ্যান্সেলর লিন বিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিল। পরিদর্শন শেষে মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেন।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষায় চীন বর্তমানে অনেক এগিয়ে আছে। তাদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে। এই পরিদর্শনকালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















