ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। শনিবার সকালে মতিঝিলে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে আয়োজিত ‘ক্লিনিং ডে’ শীর্ষক বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক আবদুস সালাম নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাসাবাড়ির ছাদ, ড্রেন এবং আশপাশে জমে থাকা পানি নিজ দায়িত্বে নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিককে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে রাজনৈতিক বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোগান্তি সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত। বিএনপিকে জনগণের দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এক দফার হুমকি দিয়ে তাদের দমানো যাবে না। এ সময় তিনি বর্তমান সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে ধৈর্য ধরে সরকারকে সময় দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান আবদুস সালাম।

















