বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতির মাঝেই নয়াদিল্লির কাছে কিছু সুনির্দিষ্ট শর্ত বা বার্তা পাঠিয়েছে ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপক্ষীয় এই সফরের আয়োজন চললেও, সফরের জন্য একটি ‘অনুকূল পরিবেশ’ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেছেন। ঢাকা থেকে দেওয়া মূল শর্তগুলোর মধ্যে রয়েছে—মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো। এছাড়া শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তর করার বিষয়টিও ঢাকার অন্যতম প্রধান দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও সাম্প্রতিক কিছু ঘটনা পরিবেশকে ব্যাহত করেছে বলে মনে করছে ঢাকা। বিশেষ করে দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড এবং সংবাদ সম্মেলনের বিষয়টি নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ। এ কারণেই সফরের চূড়ান্ত সূচি নির্ধারণের আগে এসব সংবেদনশীল বিষয়ের সুরাহা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে জানিয়েছে ঢাকা।

















