রাজধানীর মিরপুর এলাকায় শনিবার সন্ধ্যায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১১ নম্বর জমজম টাওয়ারের কাছে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে মিরপুর-১ নম্বরের ডেল্টা হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকা অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নেমে যান এবং স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভাতে সক্ষম হন।
একই সময়ে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় সামাদ মার্কেটের সামনে দুর্বৃত্তরা পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় মো. বিল্লাল হোসেন নামে এক রিকশা চালক আহত হয়েছেন। ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জের বাসিন্দা মো. শহিদের ছেলে বিল্লালকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে শুক্রবার রাতেও রাজধানীর কাফরুল থানার সামনে ও চিটাগাং রোডে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়সহ অন্তত ১০ থেকে ১২টি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে বাসে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

















