ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি বিশেষ পরিবীক্ষণ টিম গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই টিমগুলো কঠোরভাবে মনিটরিং করবে। সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ফ্ল্যাটের বরাদ্দ বাতিলসহ নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করা হবে।
সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই ঢাকা শহরকে বাসযোগ্য করার বিষয়ে সচেষ্ট এবং তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টার পরিদর্শন করেছেন। তবে বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে চরম অবহেলার চিত্র ও এডিস মশার লার্ভা পাওয়ার মতো ঘটনা ঘটেছে।
পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। কোথাও অনিয়ম বা মশার লার্ভা পেলে আইনগত ব্যবস্থা ও কঠোর জরিমানা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীরা নিজেদের কোয়ার্টার পরিষ্কার রাখতে ব্যর্থ হলে তাদের সরকারি বাসায় থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে বলে তিনি মন্তব্য করেন।
শহরের সৌন্দর্য ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, হাতিরঝিল, ধানমণ্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার করে সেগুলোর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলমান রয়েছে। চুরি রোধে প্লাস্টিক বা লোহার ডাস্টবিনের পরিবর্তে ফাইবার বোর্ডের নতুন ডাস্টবিন পর্যায়ক্রমে স্থাপন করা হবে।
২০টি টিম সমন্বিতভাবে কাজ করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এলাকাভিত্তিক এসব কমিটি কাজ করবে। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি করে মোট ২০টি টিম দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

















