রাজধানীর বাইরে গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের পর এবার ঢাকার বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর একাধিক এলাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করেছেন নগরবাসী। কোথাও ২০ মিনিট, আবার কোথাও এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা লোডশেডিং নিয়ে নিজেদের ক্ষোভ ও দুর্ভোগের কথা তুলে ধরেছেন। কেউ লিখেছেন, মধ্যরাতে বিদ্যুৎ চলে গেলে গরমে ঘুমানো অসম্ভব হয়ে পড়ে। আবার অনেকে দীর্ঘদিন পর রাজধানীতে লোডশেডিংয়ের এই নতুন অভিজ্ঞতায় বিস্ময় প্রকাশ করেছেন।
শেরেবাংলা নগর এলাকার এক বাসিন্দা জানান, রাতে প্রায় ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। এ বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে জানানো হয় যে, বিদ্যুৎ আসতে আরও প্রায় ৩০ মিনিট সময় লাগতে পারে। রাজধানীর আরও কয়েকটি এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ পাওয়া গেছে।
রামপুরার বাসিন্দা রাসেল জানান, রাতে বিদ্যুৎ থাকলেও দিনের বেলায় পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ছোট বাচ্চাদের নিয়ে এই তীব্র গরমে খুবই অসুবিধায় পড়তে হয়েছে এবং অনেক কষ্টে সময় পার করতে হয়েছে।

















