জার্মানিতে বসবাসকারী জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর সতর্ক করে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। রোববার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ধ্রুব রাঠি মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি দিল্লিতে এসেছিলেন। তবে বিক্ষোভে অংশ নেওয়ার আগেই গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় অবস্থিত তাঁর বাসা থেকে পুলিশ তাঁকে আটক করে। শনিবার রাতে অন্যদের ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠিকে তখন আটক রাখা হয়েছিল।
একই সময়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও দিল্লি পুলিশ আটক করেছিল। ধ্রুব রাঠিকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ আগেই পুলিশ জানিয়েছিল যে, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
পুলিশের ভাষ্যমতে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ও ১৭০ ধারায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১২৬ ধারায় শান্তি বজায় রাখার জন্য মুচলেকা নেওয়ার এবং ১৭০ ধারায় আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে প্রতিরোধমূলক গ্রেপ্তারের বিধান রয়েছে।

















