দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ইভটিজিং এবং ‘র্যাগ ডে’-র নামে সৃষ্ট বিশৃঙ্খলা বন্ধ করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে, রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে অভিভাবকদের সচেতন করার ওপর জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি এবং থিম সং নিয়মিত প্রদর্শন করতে হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে ওঠে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইভটিজিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং র্যাগ ডের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে রোধ করতে বলা হয়েছে। নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের রাতের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির জন্য সচেতনতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
মাঠপর্যায়ের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, তাদের আওতাধীন জেলার মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের তথ্য, অভিভাবক সমাবেশের বিবরণ এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের সার্বিক অগ্রগতির প্রতিবেদন ছক আকারে প্রস্তুত করতে হবে। এই বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে মাউশিতে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

















