বিচারিক প্রক্রিয়াকে আরও আধুনিক, দ্রুত এবং স্বচ্ছ করার লক্ষ্যে দেশের আরও ১২টি জেলায় আনুষ্ঠানিকভাবে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই নতুন সুবিধার উদ্বোধন করেন।
নতুন করে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আসা জেলাগুলো হলো— টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর। আইন মন্ত্রণালয়ের তথ্যমতে, বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবং বিচার ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে জামিননামা দাখিলের পরিবর্তে এই ডিজিটাল পদ্ধতি কার্যকর করা হয়েছে। এর ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আদালত, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের কাজের চাপ কমিয়ে সময় ও অর্থ সাশ্রয়ে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগে একটি জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। কিন্তু ই-বেইল বন্ডের কল্যাণে এখন মাত্র ৩টি প্রধান ধাপেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে, যা জামিন কার্যক্রমকে বহুগুণ দ্রুত করেছে। এর আগে তিনটি ধাপে দেশের ১৬টি জেলায় এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
উল্লেখ্য, জামিন প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে সর্বপ্রথম ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে এই ব্যবস্থা চালু করা হয়। এরপর দ্বিতীয় ধাপে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর এবং তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলায় ই-বেইল বন্ড কার্যক্রম চালু করা হয়েছিল।

















