গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামের এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাকোয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি ওষুধ কোম্পানির স্বাস্থ্যসেবা পণ্য বিতরণকারী মাইক্রোবাসটি গাইবান্ধার দিকে যাচ্ছিল। একই সময়ে গাইবান্ধা থেকে ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাকোয়া ব্রিজ এলাকায় মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকারী দল নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

















