যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় এক ইঞ্জিনের ছোট বিমান (গ্রুম্যান এএ-৫) বিধ্বস্ত হলে দুই শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুর্ঘটনায় আরও দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফ্রেসনো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্যমতে, শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের কিছু আগে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, যার ফলে আগুন আশেপাশের কোনো বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দুর্ঘটনার সময় বিমানে ওই চারজন ছাড়া আর কেউ ছিলেন না। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

















