বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত এফএসআরইউতে (ভাসমান এলএনজি টার্মিনাল) ফ্রিজিং প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আজ বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। এর ফলে গ্যাসের অভাবে যেসব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো আবারও চালু করা সম্ভব হবে। তবে, আগের মতো সম্পূর্ণ স্বাভাবিক গ্যাস সরবরাহ ফিরে আসতে আরও অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানান তিনি।
এদিকে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ নিয়ে অভিযোগ জানাতে বলা হলে কেউ আসেন না। তবে, যেসব অভিযোগ আসছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
একই দিনে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে একটি রুটিন বৈঠক হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, যেহেতু ভারত প্রতিবেশী দেশ, তাই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পাইপলাইন দিয়ে আরও বেশি ডিজেল সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন, “শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, উনি অনেক কিছুই বলেন। দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।”
তবে আগের মতো গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত ২ থেকে ৩ দিন লাগবে।

















