বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, ফরেনসিক অডিটের মাধ্যমে এ-সংক্রান্ত কমিটি এই অসংগতিগুলো চিহ্নিত করেছে।
খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান নিয়ে কোনো কাজ করা সম্ভব নয়, কারণ এটি নিজের সঙ্গে প্রতারণা করার শামিল। তিনি জানান, বিশেষজ্ঞদের পর্যালোচনার পর এই প্রতিবেদনটি খুব শিগগিরই প্রকাশ করা হবে। সরকার বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরিকল্পনা করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সঠিক তথ্য। এ সময় বিবিএস-এ জনবলের ঘাটতির বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি।
অতীতের অনিয়মের গভীরে যাওয়ার জন্য ফরেনসিক অডিটটি পরিচালনা করা হয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট করেন যে, এটি কাউকে লক্ষ্যবস্তু করার জন্য নয়। তিনি বলেন, তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, ততই ভুল ও অসংগতিগুলো সামনে উঠে আসবে, যা সংশোধনের সুযোগ তৈরি করে দেবে।

















