বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় বিক্রি হচ্ছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) বাজুস স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন এই দর নির্ধারণ করে, যা ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয় এবং আজও বহাল রয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নির্ধারিত দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের ডিজাইনভেদে এর সঙ্গে মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করার সুযোগ নেই। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

















