বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার অস্বীকার করছে না যে দেশের মানুষ এখন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, অতীতে নেওয়া অপরিকল্পিত সিদ্ধান্তের খেসারত এখন সরকার, দেশ এবং সাধারণ মানুষকে দিতে হচ্ছে। মূলত কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যেই অতীতে এসব অপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছিল।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশ একটি ভঙ্গুর অবস্থায় ছিল। দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি নানা ধরনের সংকট নিয়ে সরকারকে কাজ শুরু করতে হয়েছে। এসব সমস্যা কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনের ভেতর ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনও সক্রিয় রয়েছে এবং তারা কৌশলে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তবে সরকার ইতিবাচক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

















