স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। হাসপাতালটির ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় তিনি সাফ জানিয়ে দেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
পরিদর্শনকালে বেশ কিছু অনিয়ম স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। তিনি সেখানে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় রোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, প্রয়োজনের সময় চিকিৎসকদের পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের আন্তরিকতা ও সহযোগিতার ঘাটতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। রোগীদের এসব অভিযোগ শুনে মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী নতুন কর্মসূচির তথ্য তুলে ধরেন। তিনি জানান, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এছাড়া শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হতে যাচ্ছে। মন্ত্রী জানান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

















