ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সরকার আগ্রহী হলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখা প্রয়োজন, তবে তা হতে হবে জাতীয় স্বার্থের ভিত্তিতে।
ভারত সফরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, কোনো বিষয়ে তাড়াহুড়া করার সুযোগ নেই। আলোচনার অগ্রগতি এবং জাতীয় স্বার্থের বিষয়টি নিশ্চিত করে উপযুক্ত সময়েই এ সফর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর পর্যায়ের সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ভিত্তির প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো খেলার বিষয় নয়; দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে যথাযথ আলোচনার মাধ্যমে ক্ষেত্র প্রস্তুত করতে হয়। তিনি আরও জানান, যদি আগামীকালও জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়, তবে আগামী সপ্তাহেই সফর করা যেতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে ৫ আগস্টের পর পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি যে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে, তা ভারত কর্তৃপক্ষ স্বীকার করেছে এবং বিষয়টি তারা লক্ষ্য করেছে। এটিকে একটি ভালো সূচনা হিসেবে দেখছেন তিনি।
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেড় হাজার মানুষ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া এবং ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টি কোনো নতুন শর্ত নয়, বরং চলমান প্রক্রিয়া। ভারতে পলাতক অন্যান্য অপরাধীদের ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত এবং এই প্রক্রিয়াটিকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে সম্পৃক্ত হতে চায় বাংলাদেশ।

















