বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক সফরের আমন্ত্রণ জানিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি আমন্ত্রণ দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অন্যটি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এর আগে সোমবার ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সরকারপ্রধানকে দ্বিপাক্ষিক সফরের জন্য একটি পৃথক চিঠি দিয়েছেন। এছাড়া বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
রণধীর জয়সওয়াল আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকেই তাঁকে উভয় সফরের আমন্ত্রণের বিষয়টি জানানো হয়। তবে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

















