অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে এক হামলার শিকার হয়েছেন। সেখানে তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ঘটনার সময় তাঁর ভাইয়ের শিশুসন্তানও তাঁর সঙ্গে ছিল।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে এ হামলা ও হেনস্তার ঘটনা ঘটে।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। পরে তিনি হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওগুলোতে দেখা যায়, কয়েকজন বাঁধনের দিকে তেড়ে যাচ্ছেন, তাঁর সঙ্গে ধস্তাধস্তি করছেন এবং উত্তেজিতভাবে কথা বলছেন। তাঁদের কয়েকজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলেও আখ্যা দেন।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’ তিনি আরও জানান, তাঁর ওপর হাত তোলা হয়েছে এবং কানের পাশেও আঘাত করা হয়েছে।
ঘটনার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তান তাঁদের সঙ্গে ছিল। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে শোনা যায়। জবাবে একজনকে বলতে শোনা যায়, ‘কিসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।’ ভিডিওগুলোতে কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলতে এবং তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করতেও শোনা যায়।
বাঁধন বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’ তিনি আরও জানান, তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’ তিনি হামলাকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেননি। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’
ভিডিও বার্তায় বাঁধন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন বলে তিনি জেনেছেন এবং তাঁর কাছে ঘটনাটি পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। আন্দোলনের পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমেও কথা বলেছিলেন তিনি।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নিয়েছেন বাঁধন। উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।

















