জয়পুরহাটের কালাই উপজেলায় আব্দুল হান্নান (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব-৭ চট্টগ্রামের সহযোগিতায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাবুল (২৮) ও মিজানুর রহমান (২৭)। বুধবার বিকেলে কালাই থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২১ জুলাই কালাই উপজেলার শালবন গ্রামে আব্দুল হান্নানকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে শারীরিক নির্যাতনের পর বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানা পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত অপর আসামি তহিদুল ইসলামকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এরপর বাকি আসামিদের ধরতে পুলিশ তৎপরতা অব্যাহত রাখে। এই ধারাবাহিকতায় র্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মজুমদারহাট এলাকা থেকে বাবুল ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বুধবার যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কালাই থানা কর্তৃপক্ষ।

















