যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই সংক্রান্ত নতুন বিধিমালা প্রকাশ করেছে, যা দীর্ঘদিনের প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস (Duration of Status)’ পদ্ধতির অবসান ঘটাতে যাচ্ছে। নতুন এই প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থী, এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটররা সাধারণত যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ চার বছর অবস্থানের অনুমতি পাবেন। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের জন্য একবারে সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা সাংবাদিকদের জন্য সর্বোচ্চ ৯০ দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে। অন্যথায়, তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ করে নতুন করে ভিসার আবেদন করে পুনরায় প্রবেশ করতে হবে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর নতুন বিধিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে, তবে তার আগে এটি কংগ্রেসে পর্যালোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।
ডিএইচএসের দাবি, গত বছর রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক শিক্ষার্থীকে কার্যকরভাবে পর্যবেক্ষণ করতেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, নতুন এই নীতির প্রভাব আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে পড়তে পারে। এতে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।
এদিকে, এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসন আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মতে, নতুন নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, গবেষণা ও শিক্ষকতার সুযোগ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণ কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

















