যুক্তরাষ্ট্র সফররত দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সম্পাদক মাহবুবা চৌধুরীকে ঘিরে নিউ ইয়র্কে প্রবাসী সাংবাদিকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং বিশিষ্টজনরা অংশ নেন। স্মৃতিচারণ, আড্ডা আর সাংবাদিকতার দর্শন নিয়ে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। মতিউর রহমান চৌধুরীর দীর্ঘ কর্মজীবনের সহকর্মীরা আলোচনায় অংশ নিয়ে তার সাহসী সাংবাদিকতার নানা দিক তুলে ধরেন। বক্তারা তাকে কেবল একজন সম্পাদক নয়, বরং একজন অভিভাবক ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে অভিহিত করেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে অনেকেই নিজেদের জীবনের সেরা সময় বলে উল্লেখ করেছেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে মতিউর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি বড় দায়বদ্ধতার জায়গা। সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে আখ্যায়িত করেন। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংকট উত্তরণে সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় ছাপিয়ে পেশাগত পরিচয়কে বড় করে দেখতে হবে। দুঃখজনকভাবে আমরা সাংবাদিক পরিচয়ের চেয়ে রাজনৈতিক পরিচয় দিতে বেশি আগ্রহী, যা সাংবাদিকতার জন্য সংকট তৈরি করছে। তিনি আরও বলেন, ৫৫ বছরের স্বাধীন বাংলাদেশে আমরা একে অপরকে এগিয়ে নেয়ার বদলে পেছন থেকে টানছি। বর্তমান সরকারের নানামুখী চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের রাজনীতি আমরা ঠিক না করতে পারলে বাংলাদেশ সঠিক পথে এগোবে না।
মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী প্রবাসে সাংবাদিকতা চর্চায় নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে দৈনিক মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিদ্দিকুর রহমান সুমন ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান। আয়োজনে মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মনোয়ারুল ইসলাম এবং মানবজমিনের সাবেক মহাব্যবস্থাপক আশরাফুল নওশাদের যৌথ উপস্থাপনায় এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এম. এম. শাহীন, শাহ নেওয়াজ, মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা, মঈনুদ্দীন নাসের, আনোয়ার হোসাইন মঞ্জু, আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান, ইব্রাহিম চৌধুরী খোকন, আকবর হায়দার কিরণ, শহীদুল ইসলাম, ফরিদ আলম, নিহার সিদ্দিকী, শফিকুল ইসলাম লুতু, দর্পণ কবীর, শওকত ওসমান রচি, মুজাহিদ আনসারী, রানো নেওয়াজ, আফরোজা ইসলাম, নাশরাত আর্শিয়ানা চৌধুরী, মনিজা রহমান, তোফাজ্জল লিটন, আপেল মাহমুদ, সাখাওয়াত হোসেন সেলিম, মেরি জোবাইদা, নাসিমা আক্তার শাহানা, অনিক রাজ, হাসান মাহমুদ, সায়েম আহমেদ, আবু বকর সিদ্দিক ও টিপু আলমসহ অনেকে।

















