দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১৬ জন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুগুলোর মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এমনটি নয়, বরং তারা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে। অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এই মোট মৃত্যুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জন শিশু প্রাণ হারিয়েছে।

















