দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি। স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্ট করেছে যে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর ক্ষেত্রে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি, বরং তারা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৬৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা শিশুদের মধ্যে দুজন সিলেট বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
একই সময়ে দেশে ২০১ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৪১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জনে। হামের কারণে এ পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১২ হাজার ৫২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

















