যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে কোনো জনসমক্ষে উপস্থিত হননি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁকে সাম্প্রতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও দেখা যায়নি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গত ২৮ জুলাই রিপাবলিকান নেতা লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য, হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার এবং ২২ জুলাই নিহত চার মার্কিন সেনার মরদেহ গ্রহণের অনুষ্ঠান। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, মেলানিয়াকে সর্বশেষ গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগ করতে দেখা গিয়েছিল। এর আগে গত ১৪ জুন হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ফ্রিডম–২৫০ অনুষ্ঠানে মেলানিয়াকে দেখা গেছে। আর ১৩ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর সদস্য একটি বিশেষ দলকে সম্মাননা জানানোর অনুষ্ঠানে তিনি স্বামী ট্রাম্পের পাশে ছিলেন। এই বিশেষ দলটি ২০২৬ সালের ভেনেজুয়েলায় কমান্ডো অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার অভিযানে অংশগ্রহণ করেছিল।
নিউজউইকের বিশ্লেষণ বলছে, ২০১৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মেলানিয়া মোট ৩৪টি অনুষ্ঠানে জনসমক্ষে উপস্থিত হয়েছেন। অন্যদিকে দ্য ডেইলি বিস্টের হিসাব অনুযায়ী, চলতি বছর তিনি ৩৮ দিন জনসমক্ষে এসেছেন, অর্থাৎ গড়ে প্রতি ছয় দিনে একবার। ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় এই উপস্থিতির হার প্রায় অর্ধেক। ফার্স্ট লেডির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, মেলানিয়া জনসমক্ষে আসার চেয়ে কাজের ফলাফলকে বেশি গুরুত্ব দেন। বর্তমানে তিনি ফ্লোরিডা ও নিউ ইয়র্কেই বেশি সময় কাটাচ্ছেন, যেখানে তাঁর ছেলে ব্যারন ট্রাম্প পড়াশোনা করছেন। এর আগেও জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তিনি প্রায় এক মাস জনসমক্ষে ছিলেন না।
মেলানিয়ার এই দীর্ঘ অনুপস্থিতির সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগী ৩৫ বছর বয়সী নাটালি হার্পের উপস্থিতি নিয়ে গণমাধ্যমে বেশ গুঞ্জন তৈরি হয়েছে। ট্রাম্প হার্পকে তাঁর অন্যতম বিশ্বস্ত সহযোগী মনে করেন। গত জুলাইয়ে ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে ট্রাম্প যখন গোপনে আঙ্কারা ত্যাগ করেন, সেই সামরিক উড়োজাহাজে থাকা ছোট দলের সদস্য ছিলেন হার্প। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট পরিচালনায় সহায়তা করা হার্পকে ১১ ও ১৬ আগস্ট মেরিন ওয়ান হেলিকপ্টারেও দেখা গেছে। এছাড়া মে মাসে ট্রাম্পের চীন সফরেও তিনি সঙ্গী ছিলেন, যেখানে মেলানিয়া যাননি।
নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের মতে, ট্রাম্প বিশ্বাস করেন হার্প তাঁকে কখনো ছেড়ে যাবেন না। হার্প ট্রাম্পের ব্যক্তিগত বিভিন্ন স্থানে উৎসাহমূলক নোট রেখে আসেন, যার একটিতে লেখা ছিল, ‘আপনিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তবে হার্পের এক ভাই প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বোনের এই সম্পর্ককে ‘অস্বাস্থ্যকর’ বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, নাটালি হার্প হোয়াইট হাউসের একজন অত্যন্ত প্রিয় কর্মকর্তা এবং প্রেসিডেন্টের প্রতি তাঁর আনুগত্য প্রশ্নাতীত। ইনডিপেনডেন্ট মন্তব্যের জন্য যোগাযোগ করলেও হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

















