মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানের ভেতর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর আগেই হনুমানটির মৃত্যু হয়।
মারা যাওয়া হনুমানটিকে পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. তাজুল ইসলাম জানান, লাউয়াছড়া জানকিছড়া রেসকিউ সেন্টারে হনুমানটির ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরবর্তীতে বন বিভাগের নিয়ম অনুযায়ী সেটিকে মাটিচাপা দেওয়া হবে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় মুখপোড়া হনুমান বিপন্ন প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

















