ভারতের দিল্লিতে চলমান আন্দোলনের সময় আটক অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
নেহা বোরা তার পোস্টে জানান, আটকের সময় পুলিশ তার ফোনটি নিয়ে নিয়েছিল, যা তিনি এখন ফেরত পেয়েছেন। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, ময়দান গড়ি থানা থেকে অন্যান্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে শনিবার সকালে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার সময় নেহা বোরাকে আটক করা হয়। মূলত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে সিজেপি ও কয়েকটি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। যদিও পুলিশ ওই কর্মসূচির জন্য কোনো অনুমতি প্রদান করেনি।

















