সরকারি দাপ্তরিক নথিপত্র, যোগাযোগ এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে যে, এখন থেকে সরকারি সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ দপ্তরগুলোতে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ক্ষেত্রে ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কেবল সংশ্লিষ্ট ব্যক্তির পদবি ব্যবহার করতে বলা হয়েছে।
মূলত সরকারি নথিপত্র ও চিঠিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ, দাপ্তরিক নথিতে নামের সঙ্গে এখন থেকে শুধুমাত্র পদবি উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

















