স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী এবং ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়ক ওমর সানী। বুধবার বিকেল সাড়ে ৪টায় বিএফডিসি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমরা অনেক সিনিয়র হয়ে গেছি, চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি।’
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যের প্রতিবাদ জানিয়ে সানী বলেন, ফারদিন বর্তমানে দুবাইয়ে ব্যবসায়িক কাজে আছেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই এবং মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়টিও ডাহা মিথ্যা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আমি মামলা করব।’ তিনি আরও প্রশ্ন রাখেন, দেশের বাইরে থাকা ব্যক্তিদের নিয়ে এসব মিথ্যা তথ্য ছড়িয়ে কত টাকা কামানো সম্ভব?
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওমর সানী ভিডিও কলে ছেলে ফারদিনকে যুক্ত করেন। ফারদিন জানান, তার পরিবারকে নিয়ে এমন ভিত্তিহীন খবর দেখে তিনি ক্ষুব্ধ। তিনি বলেন, ‘কেউ আমাকে নিয়ে ভিউ ব্যবসা করলে করুক, কিন্তু আমার পরিবার ও মা-কে নিয়ে কথা বলা ঠিক নয়। আমার মা-বোন সবারই আছে।’ ফারদিন জানান, ব্যবসার কাজে দূরে থাকলেও প্রতিদিন তারা গ্রুপ কলে কথা বলেন এবং তাদের পারিবারিক সম্পর্কে কোনো ভাঙন নেই।
ফারদিন আরও জানান, তিনি এই বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না। তার আইনজীবীদের একটি দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। যারা এই মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি করেছে, তাদের আইনি নোটিশ পাঠানো হবে এবং বাংলাদেশের প্রচলিত আইনে মানহানির মামলা করার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। ফারদিন বলেন, ‘আমি আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ অনুযায়ী সব পদক্ষেপই নেব।’

















