পাবনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সোনাপাতি বিলে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই কিশোর ও তরুণ বলে জানা গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বৃষ্টির সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন কিশোর ও তরুণ বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি পলিথিন দিয়ে তৈরি ঘরে আশ্রয় গ্রহণ করেন। দুর্ভাগ্যবশত, ওই সময় বজ্রপাতটি সরাসরি ওই ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই ছয়জনের প্রাণহানি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বৃষ্টির সময় পলিথিনের ঘরে আশ্রয় নেওয়া কিশোর ও তরুণদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। এছাড়া এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

















