পাবনা সদর উপজেলার মালঞ্চ ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে মাহমুদপুর গ্রামের ওই বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা ওই বিলে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। তিনি জানান, বজ্রপাতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

















