সোমবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে, যা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে এই অধিবেশনের বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের কেবিনেট কক্ষে গত রবিবার অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের পূর্ণ ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।
অধিবেশনের প্রথম বৈঠকেই পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ—এই তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে। পাশাপাশি এবারের অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিলও পাওয়া গেছে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়াও ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং ১৩১ ধারায় সিদ্ধান্ত-প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন। এছাড়া সংসদ ভবনের আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে বলে সংসদ সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া জানিয়েছেন। সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি চালু হলে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দিয়ে সংসদ ভবনের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাবে। প্রধানমন্ত্রী এই প্রক্রিয়ায় বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন। এছাড়া বৈঠকে ই-পার্লামেন্ট কার্যক্রম ও সচিবালয়ের শূন্য পদে নিয়োগের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয়। বৈঠকে আরও অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

















