পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে ২৮ শিশু শিক্ষার্থী এবং এক নারী শিক্ষিকা প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষার্থী ও স্কুলের কর্মীদের উদ্ধারে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।
লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ২১ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছিল, যার সংখ্যা পরবর্তীতে বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া একজন নারী শিক্ষিকার মরদেহও হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ২০ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার কঠোর নির্দেশ প্রদান করেছেন।
















