প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি পজিটিভ। এখনো সফরের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী বর্তমানে নানা কাজে ব্যস্ত থাকলেও সফর নিয়ে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে আছে। ব্রিকস সম্মেলন হতে এখনো প্রায় এক মাস সময় বাকি আছে, এর মধ্যে পরিস্থিতি অনুযায়ী অনেক কিছুই হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে এবং ভারত এই সুযোগ কাজে লাগাবে কি না, তা তাদের ভেবে দেখার বিষয়।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ছয় মাসের কার্যক্রম নিয়ে মন্তব্য করতে গিয়ে শামা ওবায়েদ বলেন, এই ছয় মাসে মন্ত্রণালয় সফল হয়েছে। ডিপ্লোম্যাসির নানা ধাপ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সরকারি পর্যায়ে সফল বৈঠকের মাধ্যমে সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি ও রফতানি বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া তিনি সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রকল্প পরিদর্শন করেছেন বলেও জানান। প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে তিনি উল্লেখ করেন যে, জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং উপযুক্ত সময়েই প্রধানমন্ত্রী সেখানে সফর করবেন।
তিনি বলেন, '৬ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল। ডিপ্লোম্যাসির নানা ধাপ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।'

















