চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে নতুন কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে সমুদ্রকে জনগণের বড় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, সমুদ্র উপকূলবর্তী এলাকায় শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের বেকারত্ব সমস্যার সমাধান করা সম্ভব। একই অনুষ্ঠানে তিনি লবণ চাষিদের কল্যাণের স্বার্থে দ্রুত লবণের ন্যায্য মূল্য নির্ধারণের প্রতিশ্রুতিও দিয়েছেন। এছাড়া, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে যেকোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, বিকেলে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতির কথা রয়েছে তার। এরপর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যার পর অর্থাৎ সোয়া ৭টায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে চট্টগ্রাম ও কক্সবাজারে সফর করলেও, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী এলাকা সফর করছেন।

















