জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার যেকোনো উপায়ে দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর এবং দেশে কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেয়া হবে না।
বক্তব্যের এক পর্যায়ে ফ্যাসিস্ট সরকারের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা প্রদানের লক্ষ্যে ফ্যাসিস্ট সরকার দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদের দেড় দশকের শাসনামলে কেবল বিদ্যুৎ খাত থেকেই ৩ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে।
এর আগে, বুধবার বিকাল তিনটায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য বরাদ্দ ছিল। প্রধানমন্ত্রীর জন্য সাতটি তারকা চিহ্নিত প্রশ্ন নির্ধারিত থাকলেও, তিনি নির্ধারিত সময়ের মধ্যে তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন এবং এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব প্রদান করেন।
প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিলো ৭টি তারকা চিহ্নিত প্রশ্ন। এরমধ্যে তিনি নির্ধারিত ত্রিশ মিনিটে তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন ও এই সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন।

















