হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও শপিং মলের মতো পর্যটন খাতের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এখন থেকে বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার একটি অংশ নিজেদের কাছে রাখতে পারবে। রোববার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নিয়ম অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ প্রদান করবে। বাকি অর্থ অবশ্যই টাকায় রূপান্তর করতে হবে।
সার্কুলারের শর্তানুযায়ী, ব্যবসায়ীরা তাদের কাছে সংরক্ষিত এই বৈদেশিক মুদ্রা ব্যবহার করে বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিবিধান অনুসরণ করে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও অর্থ পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে এডি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে যেন তারা বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই যুগান্তকারী উদ্যোগের ফলে পর্যটন খাতের উদ্যোক্তাদের বৈধ বৈদেশিক ব্যয় মেটানো সহজ হবে এবং দেশে আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার আরও বৃদ্ধি পাবে।

















