মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে গত ছয় মাসের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১৭ ডলার অতিক্রম করে। চলতি বছরের এপ্রিলের পর এটিই আন্তর্জাতিক বাজারে তেলের সর্বোচ্চ দর। তবে পরবর্তী সময়ে দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ১১৬ ডলারের ওপরে স্থির হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরানে সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার।
তেলের দামের এই ঊর্ধ্বগতির পেছনে ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারি বড় ভূমিকা রেখেছে। তেহরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের ওপর নতুন করে কোনো হামলা চালায়, তবে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগার, সাবমেরিন ক্যাবল, ডাটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রগুলোতে পাল্টা আক্রমণ করবে। এই হুমকির পরপরই বিশ্ববাজারে দ্রুত তেলের দাম বাড়তে শুরু করে। বিশ্লেষকদের মতে, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ওয়াশিংটন ও তেল আবিব ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন সামরিক অভিযান চালাতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
একই সঙ্গে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে অব্যাহত ঝুঁকির বিষয়টিও বাজারকে অস্থির করে তুলেছে। এছাড়া আইআরজিসির সাম্প্রতিক হামলার ঘটনার কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

















