শেরপুরে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, রমজান আলী দীর্ঘদিন ধরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিক লাভের আশা দেখিয়ে প্রলুব্ধ করেন। এভাবে কৌশলে তিনি অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেন। পরে কোনো ব্যবসায়িক লভ্যাংশ বা মূল টাকা ফেরত না দিয়ে তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
রমজান আলী গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের মধ্যে তোড়পাড় সৃষ্টি হয়। অনেকেই তাদের পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে থানায় ভিড় করছেন। ভুক্তভোগীদের কয়েকজন জানিয়েছেন, টাকা ফেরত না পেলে তারা নিঃস্ব হয়ে পথে বসবেন। এ পর্যন্ত ১১ জন ভুক্তভোগী রমজানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে রমজান আলীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর থেকে ভুক্তভোগীদের অভিযোগের সংখ্যা বাড়ছে এবং এখন পর্যন্ত ১১টি লিখিত অভিযোগ জমা পড়েছে।

















